বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পলাশী মোড়ে উদ্বোধন করা হয়েছে ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’। এটি জাতির সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানবিক মর্যাদার প্রতীক হিসেবে নির্মিত হয়েছে।
বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের স্মৃতিকে অম্লান রাখতে ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’ স্থাপন করা হয়েছে ঢাকার পলাশী গোলচত্বরে। মঙ্গলবার (৭ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই স্মারকটি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানিয়েছে, স্তম্ভের আটটি দিক প্রতীকীভাবে উপস্থাপন করে— সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, দেশীয় শিল্প-কৃষি-নদী-বন-বন্দর রক্ষা, সাংস্কৃতিক স্বাধীনতা এবং মানবিক মর্যাদা।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “আট স্তম্ভের অবয়বের চেয়ে এর অন্তর্নিহিত বার্তাগুলোই বেশি গুরুত্বপূর্ণ। এই বার্তাগুলোর বাস্তবায়নের মাধ্যমেই আমরা প্রকৃত স্বাধীনতার পথে এগোতে পারব।” তিনি আরও জানান, স্বল্প ব্যয়ে— মাত্র ৩৯ লাখ ৫৯ হাজার টাকায়— এই স্মারক নির্মিত হয়েছে, যা ফ্যাসিবাদবিরোধী চেতনার প্রতীক।
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, “সরকার আবরার ফাহাদের স্মৃতি দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিতে উদ্যোগ নেবে।”
ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, “আবরার ফাহাদ শুধু একজন ব্যক্তি নন— তিনি এক চেতনা, এক আদর্শ। ২০১৯ সালে যে বীজ তিনি বপন করেছিলেন, সেটিই আজ একটি মহীরুহে পরিণত হয়েছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম, বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, শহীদ আবরারের পিতা মো. বরকত উল্লাহ এবং ভাই আবরার ফাইয়াজ।