দীর্ঘ ১৭ বছর দেশে নির্বাচিত সরকার না থাকায় নানা খাতে জটিলতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, এতদিনের অব্যবস্থাপনা দূর করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে।
শুক্রবার (১৩ মার্চ) সকালে লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার রহমতখালী, ওয়াপদা, জকসিন ও মান্দারী খাল পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সব মন্ত্রণালয় ও বিভাগের সমন্বয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। জনগণের কল্যাণে বর্তমান সরকার যে উদ্যোগগুলো নিয়েছে, সেগুলো বাস্তবায়নে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, আগামী ১৬ মার্চ দিনাজপুর জেলার কাহারুল উপজেলায় সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ধাপে ধাপে দেশের অন্যান্য এলাকাতেও এই কর্মসূচি চালু করা হবে।
মন্ত্রী স্মরণ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার শাসনামলে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। এর সুফল হিসেবে কৃষি উৎপাদন দ্বিগুণ হয়েছিল, মাছচাষ বেড়েছিল এবং স্থানীয় অর্থনীতি শক্ত ভিত্তি পেয়েছিল। ফলে সংশ্লিষ্ট অঞ্চলগুলো স্বনির্ভর হয়ে উঠতে সক্ষম হয়।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, একই ধারাবাহিকতায় দেশব্যাপী স্বনির্ভরতা অর্জনের লক্ষ্য নিয়ে খাল খনন কর্মসূচি এগিয়ে নেওয়া হবে। এ উদ্যোগ সফল করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় খালের জায়গা অবৈধভাবে দখল এবং বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকার আহ্বানও জানান পানিসম্পদমন্ত্রী। তিনি বলেন, জলাধার ও খাল রক্ষায় সচেতনতা বাড়াতে হবে।