ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত দুই প্রধান আসামিকে ভারতের কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আটকরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। সীমান্তবর্তী বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাদের ধরা হয়েছে বলে জানা গেছে। এ তথ্য প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম এই সময়।
তদন্ত সূত্র জানায়, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেটধারী দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চ–এর মুখপাত্র হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
অনুসন্ধানকারীদের ভাষ্য, হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের একজন হিসেবে ফয়সাল করিম মাসুদকে শনাক্ত করা হয়েছে। তাকে ধরতে সহায়তা দিলে অন্তর্বর্তী সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল।
এ ঘটনার পর সংশ্লিষ্টতার অভিযোগে ফয়সাল করিম মাসুদ, তার প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটি লিমিটেড এবং পরিবারের সদস্যদের সব ব্যাংক হিসাব জব্দ করা হয়। দায়িত্বশীল কর্মকর্তারা জানান, হামলার পেছনে অর্থায়নের যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখতে এবং সন্দেহভাজন লেনদেন ঠেকাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
হাদির ওপর গুলির ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে। একই সঙ্গে আর্থিক গোয়েন্দা সংস্থাও মামলার সম্ভাব্য অর্থনৈতিক সংযোগ ও লেনদেনের বিষয়গুলো পরীক্ষা করছে।
এর আগে এ হত্যাকাণ্ডে মামলা দায়ের করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। মামলাটির তদন্ত শেষে গত ৬ জানুয়ারি ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। তবে অভিযোগপত্রে অসন্তোষ জানিয়ে ১৫ জানুয়ারি আদালতে নারাজি আবেদন করেন মামলার বাদী। পরে আদালত অধিকতর তদন্তের নির্দেশ দিয়ে মামলাটি সিআইডি–এর কাছে পাঠান এবং নতুন প্রতিবেদন জমা দিতে বলেন। যদিও তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ইতোমধ্যে ছয় দফা পেছানো হয়েছে।