রাজনৈতিক প্রতিশ্রুতির ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের অবস্থান ঠিক রেখেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু। একই সঙ্গে জোটগত সমঝোতা বজায় রাখায় তিনি এনসিপি ও জামায়াত—উভয়কেই ধন্যবাদ জানান।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১১ দলীয় জোটের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মিতু জানান, তিনি এনসিপির মনোনীত প্রার্থী হিসেবে জোটের প্রতিনিধিত্ব করছেন। এজন্য দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জানিয়ে বলেন, জোট রাজনীতির মূল ভিত্তি হলো পারস্পরিক প্রতিশ্রুতি, আর সেই জায়গায় দলটি তাদের অঙ্গীকার রক্ষা করেছে।
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে অনেক বড় দল জোট গঠন করলেও সব সময় প্রতিশ্রুতি ধরে রাখতে পারেনি। অনেক ক্ষেত্রেই জোটসঙ্গীদের যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। তবে এই দৃষ্টিকোণ থেকে জামায়াতের অবস্থান আলাদা বলেও উল্লেখ করেন তিনি।
জোটের প্রার্থীদের প্রসঙ্গে মিতু বলেন, তাদের সঙ্গে শহীদ পরিবারের একজন সদস্য—শহীদ জাবিরের মা—আছেন, যা তাদের জন্য গর্বের বিষয়। তিনি বলেন, এই জোটের ভিত্তি জুলাইয়ের ঘটনাপ্রবাহ থেকে তৈরি হয়েছে, তাই শহীদ পরিবারের প্রতিনিধিত্ব এখানে বিশেষ তাৎপর্য বহন করে। এছাড়া অন্যান্য নারী প্রার্থীরাও রাজনৈতিকভাবে অভিজ্ঞ বলে তিনি জানান।
নারী অধিকার ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে মিতু বলেন, তারা সম্মিলিতভাবে নারীদের নিরাপত্তা, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুস্বাস্থ্য উন্নয়নে কাজ করতে চান। পাশাপাশি জনগণের স্বার্থে প্রয়োজনীয় আইন প্রণয়নেও সক্রিয় ভূমিকা রাখার আশা ব্যক্ত করেন তিনি।