প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (১৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, বিহার অধ্যক্ষ ও চার্চের যাজকসহ ধর্মকর্মীদের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, এবার ৪,৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের পাশাপাশি ৯৯০টি মন্দিরের পুরোহিত, ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও ৩৯৬টি চার্চের যাজক বা পালক এই সম্মানী পাবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিটি মসজিদের জন্য ১০ হাজার টাকা বরাদ্দ, যার মধ্যে ইমাম ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার এবং খাদেম ২ হাজার টাকা পাবেন। মন্দিরে বরাদ্দ ৮ হাজার টাকা, যার মধ্যে পুরোহিত পাবেন ৫ হাজার ও সেবায়েত ৩ হাজার। বৌদ্ধবিহারে ৮ হাজার টাকার মধ্যে অধ্যক্ষ পাবেন ৫ হাজার এবং উপাধ্যক্ষ ৩ হাজার। খ্রিস্টান চার্চে বরাদ্দ ৮ হাজার, যা পালক বা যাজক ৫ হাজার ও সহকারী যাজক ৩ হাজার টাকা।
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জাবিউল্লাহ জানিয়েছেন, ধর্মীয় উৎসবে যেমন ঈদুল ফিতর ও ঈদুল আজহায় প্রতি বছর দুইবার ১ হাজার টাকা, দুর্গাপূজা, বৌদ্ধপূর্ণিমা ও বড়দিনে ২ হাজার টাকা বোনাস দেওয়া হবে। তবে সরকারি বা অনুদানপ্রাপ্ত মসজিদ এই সুবিধার বাইরে থাকবে।
চলতি অর্থবছরে মার্চ-জুনে ২৭ কোটি ৫৭ লাখ টাকা প্রয়োজন হবে। প্রতি বছর ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের মাধ্যমে চার বছরের জন্য এই সম্মানি প্রদান করা হবে। ব্যাংকের মাধ্যমে পর্যায়ক্রমে প্রতিটি উপাসনালয়ে কার্যক্রমটি বাস্তবায়িত হবে।