দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, তদন্তের প্রস্তুতি প্রায় শেষ এবং খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হবে।
রোববার (৫ অক্টোবর) ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) নামে একটি রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে দলগতভাবে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দিয়েছে। সেই অভিযোগ যাচাই-বাছাই শেষে আমরা তদন্ত কার্যক্রম শুরু করছি। এই মুহূর্তে প্রাথমিক তদন্ত চলছে, যা শিগগিরই পূর্ণাঙ্গ আকারে এগিয়ে যাবে।”
তাজুল ইসলাম আরও বলেন, “আমরা অভিযোগগুলো গভীরভাবে পর্যালোচনা করছি। পূর্ণাঙ্গ তদন্ত শুরু হলে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের প্রক্রিয়া কতদূর এগোবে, তা নির্ধারণ করা সহজ হবে। আশা করছি, চলতি মাসেই কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা যাবে।”
চিফ প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বর্তমানে একাধিক মানবতাবিরোধী অপরাধের মামলার ট্রায়াল চলছে। বেশ কয়েকটি মামলা শেষ পর্যায়ে, এবং কিছু গুরুত্বপূর্ণ মামলার চার্জশিট ও ফরমাল চার্জ দাখিলের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
এদিকে, জুলাই মাসে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের এক মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেওয়ার আদেশ দেওয়া হচ্ছে। কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ এসব অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বিচারাধীন রয়েছে।
অন্যদিকে, জুলাই-আগস্টের আন্দোলনে রাজধানীর চানখারপুলে শহীদ আনাসসহ ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার নবম দিনের সাক্ষ্যগ্রহণ আজ ট্রাইব্যুনাল-১ এ অনুষ্ঠিত হচ্ছে। তিনজন সাক্ষী আদালতে জবানবন্দি দিচ্ছেন।
এছাড়া, একই সময়ের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, আবদুল্লাহ হিল কাফিসহ আটজনকে আজ সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আরও চারজন আসামিকে মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় আদালতে তোলা হয়েছে।