ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউমার্কেট ও কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত এই আসনে তিনি জনগণের প্রতিনিধি হিসেবে দাঁড়াতে চান।
ভিডিওতে আসিফ বলেন,
“বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা নেই, নেই বড় কর্মীবাহিনী বা প্রচলিত ব্যবস্থার প্রয়োজনীয় অর্থ। জনগণের সমর্থনই আমার একমাত্র ভরসা, আর আমার দায়বদ্ধতাও থাকবে শুধু আপনাদের প্রতি।”
তিনি আরও জানান, দেশের সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সমর্থন দিতে হবে। তার ভাষায়,
“আমি শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নই, গণভোটেরও প্রার্থী। দেশের পরিবর্তনের যে সুযোগ এসেছে, তা সফল করতে গণভোটে ‘হ্যাঁ’ দিন।”
এর আগে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা— আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম— নিজেদের পদ থেকে পদত্যাগ করেন। তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনার মধ্যে আজকের ভিডিও বার্তায় আসিফ স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি কোনো দল নয়, স্বতন্ত্র হিসেবেই নির্বাচন করবেন।