প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “নির্বাচন হলো জুলাই সনদেরই একটি অংশ। যদি নির্বাচন সুষ্ঠুভাবে না হয়, তাহলে এই সনদের গুরুত্ব হারাবে। তাই সনদ ও নির্বাচন—দুটোই সফলভাবে সম্পন্ন করতে হবে।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, “সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে, এটাই আমাদের প্রত্যাশা।”
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।
তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলো অসম্ভবকে সম্ভব করেছে। জুলাই সনদ এমন এক ঐতিহাসিক দলিল, যা বিশ্ব রাজনৈতিক ইতিহাসে লেখা থাকবে। অনেকেই বিশ্বাস করতেন না, কিন্তু শেষ পর্যন্ত এটি বাস্তবায়িত হয়েছে—এটি একটি বড় অর্জন।”
প্রধান উপদেষ্টা বলেন, “অভ্যুত্থানের পর নতুন অধ্যায় শুরু করা জুলাই সনদ ছাড়া সম্ভব ছিল না। আমরা সংস্কারের কথা বলেছি, কিন্তু প্রকৃত সংস্কারের উদাহরণ দিয়েছে রাজনৈতিক দলগুলো।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে উৎসবমুখর করতে সরকার সব প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপি-সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।