ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৪ মে) ভোরে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্ত এলাকায়।
নিহত ব্যক্তির নাম খাদেমুল ইসলাম। তিনি গোতামারী ইউনিয়নের উত্তর আমঝোল গ্রামের বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে খাদেমুল ইসলামসহ কয়েকজন ব্যক্তি সীমান্তের ৯০৫/৬-এস পিলারসংলগ্ন বনচৌকি বিওপি এলাকার কাছে যান।
তখন ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে খাদেমুল ইসলামের মুখ, বুক ও মাথায় গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন।
সঙ্গীরা দ্রুত তাকে উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, বিএসএফের গুলিতে একজন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে এবং পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।