শনিবার ( ২০ জুন) খুলনা সার্কিট হাউজ মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সীমান্ত পরিস্থিতি এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশকে সতর্ক থাকতে হবে। দেশের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় জনগণ সবসময় আইনশৃঙ্খলা ও সীমান্তরক্ষী বাহিনীর পাশে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মান ও শান্তিপূর্ণ সম্পর্কের পক্ষে অবস্থান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ যেমন অন্য কারও জন্য হুমকি হতে চায় না, তেমনি দেশের স্বার্থবিরোধী কোনো পদক্ষেপও মেনে নেবে না।
যুবসমাজের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যতের সংগ্রাম কোনো ব্যক্তি, পরিবার বা দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়; বরং একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে হওয়া উচিত।
বিগত সরকারের সমালোচনা করে জামায়াত আমির অভিযোগ করেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর রাজনৈতিক প্রভাব, দুর্নীতি এবং অর্থ পাচারের কারণে দেশের বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বিষয়ে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব না দিলে গণআন্দোলনের মাধ্যমে পরিবর্তনের দাবি আরও জোরালো হয়ে উঠতে পারে। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য দেন।