ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামীকাল (রোববার) ইতালির রোম সফরে যাচ্ছেন। শনিবার (১১ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
বাসস সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রোববার সকাল ১১টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশে যাত্রা করবে।
সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়া তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন, সামাজিক ন্যায়বিচার ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
ওয়ার্ল্ড ফুড ফোরাম জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) আয়োজিত একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বের নীতিনির্ধারক, গবেষক, উদ্যোক্তা ও তরুণ উদ্ভাবকেরা একত্রিত হয়ে খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন।
চলতি বছরের ফোরামটি ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত রোমে এফএওর সদর দপ্তরে অনুষ্ঠিত হচ্ছে। এ ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে প্রধান উপদেষ্টার অংশগ্রহণকে আন্তর্জাতিক পরিসরে দেশের কূটনৈতিক ও উন্নয়ন অঙ্গনে সক্রিয় ভূমিকার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আগামী ১৫ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।