বৈঠকে দুইপক্ষের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন, রোহিঙ্গা সংকট সমাধান, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, এবং বিমান ও সামুদ্রিক খাতের সহযোগিতা বৃদ্ধি।
অধ্যাপক ইউনুস বলেন, নির্বাচন নির্ধারিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। তিনি উল্লেখ করেন, ভোটপ্রক্রিয়ায় ব্যাপক অংশগ্রহণ হবে এবং বিশেষ করে লাখো তরুণ প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবে। তিনি আরও যোগ করেন, গত কয়েক নির্বাচনে রাজনৈতিক সংস্কারের অভাবে তাদের এই সুযোগ হয়নি।
প্রধান উপদেষ্টা নিশ্চিত করেছেন, আওয়ামী লীগের কার্যক্রম সন্ত্রাসবিরোধী আইনের আওতায় স্থগিত থাকায় তারা এবারের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। পাশাপাশি, নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তালিকা থেকেও বাদ দিয়েছে।
বৈঠকে ঢাকা ও লন্ডনের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের দিকেও গুরুত্বারোপ করা হয়। অধ্যাপক ইউনুস জানান, বঙ্গোপসাগরে সামুদ্রিক গবেষণার জন্য বাংলাদেশ যুক্তরাজ্যের একটি গবেষণা জাহাজ ক্রয় করছে।
মন্ত্রী চ্যাপম্যান দুই দেশের মধ্যে বিমান চলাচল খাতের সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানান এবং জানান, এয়ারবাস ইন্টারন্যাশনালের প্রধান শিগগিরই বাংলাদেশ সফর করবেন।
বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, এসডিজি সমন্বয়কারী লামিয়া মরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক।