বুধবার (৭ জানুয়ারি) রাতে রাজাপুরে এক নির্বাচনি উঠান বৈঠকে তিনি বলেন, কেউ নিয়মিত ইবাদত না করলেও যদি বিড়ি টানতে টানতে তার নির্বাচনি প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে মানুষকে আহ্বান জানায়, তবে আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন। এই বক্তব্য তার ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়, যা পরে ছড়িয়ে পড়ে।
ড. ফয়জুল হক বলেন, মানুষ দোকানে গিয়ে বিড়ি বা চা খাওয়ার সময় গল্পের ছলে দেশের অবস্থা ও দাঁড়িপাল্লার কথা বলতে পারে। এভাবেই সাধারণ কথাবার্তার মধ্য দিয়েও ভোটের দাওয়াত দেওয়া সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, এমনও হতে পারে কেউ জীবনে কখনো নামাজ পড়েনি, কিন্তু যদি সে ওই বিড়ি টানার মাঝেই আল্লাহর পথে ও দাঁড়িপাল্লার দিকে মানুষকে ডাকে, তবে আল্লাহ তার আগের সব ভু
ল ক্ষমা করে তাকে ভালো মানুষও করে দিতে পারেন।
পুরুষদের উদ্দেশে তিনি বলেন, পাঁচ টাকার চা খেয়ে পনেরো টাকার কথা বলতে, অর্থাৎ কম খরচে বেশি আলোচনা করে তার প্রতীকের পক্ষে প্রচার চালাতে। আশপাশের লোকজনকেও যেন একই কথা বলতে উৎসাহিত করা হয়।
নারীদের উদ্দেশে তিনি বলেন, ভোটের রাতে যেন কেউ ঘুমিয়ে না পড়ে। ১১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত জেগে থেকে, ঘরে ভালো খাবার রান্না করে পরিবারের সবাইকে নিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে বলেন তিনি। ভোট গণনা শেষে বিজয় মিছিল করে তারপর ঘুমানোর কথাও বলেন।
এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে তা নিয়ে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।