সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, শেন পদবির ওই ব্যক্তি শানসি প্রদেশের শি’আনের কাছে ৯০ বর্গমিটারের একটি ফ্ল্যাট কেনেন। প্রতি বর্গমিটারের দাম ছিল ২ হাজার ৬৪৬ ইউয়ান, যা স্থানীয় বাজারদরের প্রায় এক-তৃতীয়াংশ। বাংলাদেশি মুদ্রায় ফ্ল্যাটটির মূল্য ছিল প্রায় ৪৮ লাখ টাকা।
প্রকল্পটি ছিল তথাকথিত ‘লিমিটেড প্রোপার্টি রাইটস’ ভিত্তিক, অর্থাৎ সরকারি অনুমোদন ছাড়া গ্রামীণ জমিতে নির্মিত আবাসন। এসব প্রকল্প আইনি স্বীকৃতি না পেলেও কম দামের কারণে অনেক ক্রেতা আগ্রহ দেখান।
শেন শুরুতে ১ লাখ ১৭ হাজার ৭০০ ইউয়ান ডাউন পেমেন্ট করেন। নির্মাতা প্রতিষ্ঠান তাকে আশ্বাস দিয়েছিল, পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন সংগ্রহ করা হবে। ২০১৫ সালে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও নির্মাণকাজে বিলম্ব হয়।
২০১৭ সালে কোম্পানি জানায়, ভবনে ৩৪তম তলা নেই। পরে তাকে ৩২তম তলায় বিকল্প ফ্ল্যাট দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও বাকি অর্থ সময়মতো পরিশোধ করতে না পারায় সেটিও অন্য ক্রেতার কাছে বিক্রি করা হয়।
পরবর্তীতে তিনি অর্থ ফেরত চাইলে প্রতিষ্ঠানটি আর্থিক সংকটের কথা জানায়। ২০২০ সালে তিনি ২০ হাজার ইউয়ান এবং ২০২২ সালে আরও ৫০ হাজার ইউয়ান ফেরত পান। পরে সালিসি কর্তৃপক্ষ বাকি ৪৭ হাজার ৭০০ ইউয়ান ও ২৭ হাজার ইউয়ান সুদ পরিশোধের নির্দেশ দেয়। তবে চলতি বছরের মে মাস পর্যন্ত তিনি সেই অর্থও হাতে পাননি।