নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তেহরান এ শর্ত মেনে না নিলে তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সমঝোতার পথ খোলা থাকত না।
একই পোস্টে তিনি জানান, ইরানের পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ছাড় দেওয়ার প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে নৌ চলাচল অব্যাহত রাখার বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে। তবে বর্তমানে প্রণালিটি আবারও অবরুদ্ধ হওয়ার আশঙ্কা খুবই কম বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সম্ভাব্য যেকোনো সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলো প্রস্তুত অবস্থায় মোতায়েন রয়েছে।
ইরানের অবরুদ্ধ তহবিল এবং নিষেধাজ্ঞা শিথিলের প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ছাড় দেওয়া অর্থ সরাসরি ইরানের হাতে না গিয়ে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে থাকা বিশেষ এসক্রো অ্যাকাউন্টে রাখা হবে।
তিনি পোস্টে লিখেন, ওই অর্থ শুধুমাত্র খাদ্য, ওষুধ ও মানবিক প্রয়োজনীয় পণ্য কেনার কাজে ব্যবহার করা যাবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৃষিখাতের পণ্য, বিশেষ করে ভুট্টা, গম ও সয়াবিন ক্রয়ের ক্ষেত্রেও এ তহবিল ব্যবহারের সুযোগ থাকবে।
এ বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো জানায়নি ইরান।
সূত্র: আল-জাজিরা।