অতীতের সব ভুল ও ভুল সিদ্ধান্তের দায় স্বীকার করে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ১৯৪৭ সাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত দলের যেকোনো কর্মকাণ্ডে মানুষ কষ্ট পেয়ে থাকলে তার জন্য গভীর অনুশোচনা প্রকাশ করেছেন তিনি।
বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “১৯৪৭ থেকে আজ পর্যন্ত আমাদের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে, কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে আমরা বিনাশর্তে তাদের কাছে ক্ষমা চাই। এটি আমাদের একান্ত মানবিক দায়।”
তিনি স্মরণ করিয়ে দেন, এর আগে জামায়াতের সাবেক আমীর অধ্যাপক গোলাম আযম, মাওলানা মতিউর রহমান নিজামী এবং এ টি এম আজহারও অনুরূপ ক্ষমা প্রার্থনা করেছেন। “আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই। আমাদের কিছু সিদ্ধান্ত হয়তো সঠিক ছিল, কিছু ভুলও হতে পারে। কিন্তু সেই ভুলের কারণে যদি জাতি কোনো ক্ষতির সম্মুখীন হয়ে থাকে, আমি নিজে ও আমার সংগঠনের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি,” বলেন তিনি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, “ভুল স্বীকার দুর্বলতা নয়, বরং এটি সংশোধনের সূচনা। আমরা চাই, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে একটি ঐক্যবদ্ধ, ন্যায়ের সমাজ গড়তে।”
নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনের আগে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন)সহ গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোট আয়োজনের প্রয়োজন রয়েছে। রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আশ্বাস দেন, “জামায়াত যদি ভবিষ্যতে ক্ষমতায় আসে, সংখ্যালঘু জনগোষ্ঠী তাদের সাংবিধানিক অধিকার অনুযায়ী পূর্ণ নিরাপত্তা ও মর্যাদা পাবে।”