রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে এক শিক্ষিকাকে লাঞ্ছনার অভিযোগে স্থানীয় বিএনপি নেতা আকবর আলীকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতির দায়িত্বে ছিলেন।
শুক্রবার (২৪ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, কলেজে প্রবেশ করে সহিংসতা এবং শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে তাকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী কলেজের অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এ সময় শিক্ষকদের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা তীব্র আকার ধারণ করে এবং এক পর্যায়ে হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা ঘটে। কলেজের অফিস কক্ষের আসবাবপত্রও ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার সময় কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল। প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষাকেন্দ্র ঘিরে ১৪৪ ধারা জারি থাকলেও তা অমান্য করে অন্তত ৪০ থেকে ৫০ জনের একটি দল কলেজে প্রবেশ করে বলে অভিযোগ করেন শিক্ষকেরা। হামলায় কলেজ অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা, অধ্যাপক রেজাউল করিম আলমসহ অন্তত পাঁচজন আহত হন।
শিক্ষকদের দাবি, দীর্ঘদিন ধরে কলেজ প্রশাসনের কাছে আর্থিক হিসাব ও বিভিন্ন বিষয়ে চাপ সৃষ্টি করা হচ্ছিল, যা মূলত চাঁদা দাবির সঙ্গে সম্পর্কিত। বাধা দেওয়ায় পরিকল্পিতভাবে হামলা চালানো হয় বলে তারা অভিযোগ করেন। তবে আকবর আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, কলেজের অনিয়ম-দুর্নীতি সম্পর্কে তথ্য জানতে গেলে তাদের সঙ্গে অপমানজনক আচরণ করা হয় এবং পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
এ ঘটনায় দুর্গাপুর থানার পুলিশ জানিয়েছে, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।