বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, দলটি যেকোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত। তবে ঘোষণাপত্রে বিএনপির দেয়া সংশোধনীগুলো মানা না হলে দলটি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে। তিনি বলেন, বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করছে এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখতে সকলকে আহ্বান জানানো হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, দলটি যেকোনো সময় ‘জুলাই সনদে’ স্বাক্ষর করতে প্রস্তুত। সোমবার (৪ আগস্ট) গুলশানে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি জানান, সনদ হাতে পাওয়ার পর ৩০ জুলাই বিএনপি কিছু সংশোধনসহ জবাব দিয়েছে। এর আগেও ফেব্রুয়ারিতে ঘোষণাপত্রে প্রস্তাবের জবাব দেয়া হয়েছিল। ঘোষণাপত্রে ২৬ মার্চের যে উপস্থাপন ছিল, বিএনপি তাতে দ্বিমত জানায়। পাশাপাশি রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি ‘চতুর্থ তফসিল’-এর মাধ্যমে দেয়ার প্রস্তাবও তুলে ধরে বিএনপি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপির সংশোধনীগুলো যদি গৃহীত না হয়, তাহলে ঘোষণাপত্র পাঠের পরই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে দলটি। তিনি জোর দিয়ে বলেন, বিএনপি সনদ বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করছে এবং এই ইস্যুতে ‘সহযোগিতা করছে না’—এমন অভিযোগ ভিত্তিহীন।
সংলাপ ও কমিশন সংস্কারের প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনে আলোচিত ১৯টি মৌলিক বিষয়ের মধ্যে ১২টিতে বিএনপি একমত হয়েছে এবং ৭টিতে দিয়েছে নোট অব ডিসেন্ট।
তবে ঘোষণাপত্র উন্মোচন অনুষ্ঠানে এখনও বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন সালাহউদ্দিন আহমেদ।
তিনি সকল রাজনৈতিক শক্তিকে ফ্যাসিবাদবিরোধী ঐক্য রক্ষায় আহ্বান জানান।