বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন বর্জন করলে সেই রাজনৈতিক দলগুলো নিজেরাই মাঠের বাইরে চলে যাবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—এ নিয়ে নির্বাচন কমিশন, সরকার কিংবা বিএনপির মধ্যে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। কোনো দল অংশ না নিতে চাইলে সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত হলেও, এতে তারা নিজেরাই “মাইনাস” হয়ে যাবে। তাই তিনি মনে করেন, এ ঝুঁকি কোনো দল নিতে চাইবে না।
জুলাই সনদের প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ওই ঘোষণার কিছু অংশ বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়। বিকল্প প্রস্তাব নিয়ে আলোচনা করার সুযোগ থাকবে। তবে সংবিধানের ঊর্ধ্বে কোনো শর্ত বিএনপি মেনে নেবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক সমাধান বেরিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, সংস্কারের বিষয়গুলো ঐকমত্যের ভিত্তিতেই সম্ভব। কিছু বিধান এখনই কার্যকর করলে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে, তাই সংসদ নির্বাচনের পর তা বাস্তবায়ন করা হবে।
অন্তর্বর্তী সরকারের প্রশ্নে তিনি বলেন, বর্তমান সরকার সাংবিধানিকভাবে বৈধভাবে চলছে। অপ্রয়োজনীয় জটিলতা তৈরি করতে বিএনপি আগ্রহী নয়। তবে যে সরকারই ক্ষমতায় থাকুক, বিচার প্রক্রিয়া চালিয়ে যেতে হবে।
জোট প্রসঙ্গে বিএনপির এই নেতা জানান, কয়েকটি ইসলামি দলের সঙ্গে আলোচনা চলছে। বিএনপি ইসলামি মূল্যবোধে বিশ্বাসী হলেও জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের কোনো সম্ভাবনা নেই।