আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতারা জাতীয় পার্টিতে যোগ দিলে আসন্ন সংসদ নির্বাচনে তাদের মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, এটি দলের প্রার্থী সংকট মোকাবিলায় সহায়তা করবে।
শনিবার (৬ সেপ্টেম্বর) রংপুর মহানগরীর দলীয় কার্যালয়ে রংপুর বিভাগের আট জেলার সভাপতি-সাধারণ সম্পাদককে নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
সাবেক রংপুর সিটি মেয়র মোস্তফা বলেন, জাতীয় পার্টির প্রার্থীর চেয়ে যদি ভালো ও শক্তিশালী প্রার্থী পাওয়া যায়, যাদের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই, তবে তাদের অবশ্যই মনোনয়ন দেওয়া হবে। তিনি ফরিদপুর, গোপালগঞ্জসহ আওয়ামী লীগের নিরঙ্কুশ সমর্থন রয়েছে এমন জেলাগুলোতেও ক্লিন ইমেজের নেতারা জাপায় যোগ দিলে মনোনয়নের ইঙ্গিত দেন।
জাপা কো-চেয়ারম্যান বলেন, গণতন্ত্রের স্বার্থে এবং চলমান সহিংসতা বন্ধে বিএনপিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি অভিযোগ করেন যে, বিএনপিকে বিপদে ফেলতে স্বাধীনতাবিরোধী শক্তিরা চেষ্টা করছে। তারা জামায়াতসহ অন্য দলগুলোকে দিয়ে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ছাড়া নির্বাচনে না যাওয়ার জন্য চাপ দিচ্ছে। এতে বিএনপি একা হয়ে পড়বে এবং নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না।
মোস্তাফিজার রহমান বলেন, সরকার যদি মব সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে না পারে, তবে সামনের নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। তিনি বলেন, বর্তমানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, দলীয় কার্যালয়ে ভাঙচুর, এবং বীর মুক্তিযোদ্ধাদের হেনস্তা করা হচ্ছে, যা দেশের জন্য ভালো লক্ষণ নয়। তিনি এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য স্বাধীনতার বিপক্ষের শক্তিকে দায়ী করেন।
তিনি বলেন, সম্প্রতি জাতীয় পার্টিকে ‘ফ্যাসিস্টদের দোসর’ আখ্যা দিয়ে অন্যায়ভাবে তাদের কার্যালয় ভাঙচুর করা হচ্ছে। বিশেষ করে রংপুর বিভাগের তিনটি জেলায় এমন ঘটনা ঘটেছে। তিনি এর তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তিনি আরও বলেন, জাতীয় পার্টি নির্বাচনমুখী দল এবং তারা আগামী নির্বাচনের জন্য প্রার্থী চূড়ান্ত করতে কাজ করছে।