দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে প্রকৌশল শিক্ষার্থীরা। বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০ ব্যাচের শিক্ষার্থী জুবায়ের আহমেদ।
তিনি বলেন, “প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে আমরা ৫ দফা দাবি উত্থাপন করছি।”
শিক্ষার্থীদের দাবি
১. স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে আন্দোলনকারীদের সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং ঘটনার পূর্ণ জবাবদিহি করতে হবে।
২. সরকারের গঠিত বর্তমান তদন্ত কমিটি প্রত্যাখ্যান করে শিক্ষক প্রতিনিধি ও প্রকৌশল অধিকার আন্দোলনের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে নতুন কমিটি গঠন করতে হবে।
৩. উত্থাপিত তিন দফা দাবি দ্রুত কার্যকর করে নির্বাহী আদেশে প্রজ্ঞাপন জারি করতে হবে।
৪. সংশ্লিষ্ট তিন উপদেষ্টা—ফাওজুল করিম খান, আদিলুর রহমান ও সৈয়দা রেজোয়ানা হাসানকে শিক্ষার্থীদের সামনে এসে এ নিশ্চয়তা দিতে হবে।
৫. হামলায় আহত সকল শিক্ষার্থীর চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করতে হবে এবং আন্দোলনকালীন সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
জুবায়ের আহমেদ আরও বলেন, “পুলিশ দিয়ে আন্দোলনে আর কোনো হামলা করা যাবে না। সাবেক বুয়েট শিক্ষার্থী রোকনের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং চাকরি থেকে বহিষ্কার করতে হবে। এ ঘটনার সঙ্গে জড়িত সব পুলিশ সদস্যকেও বহিষ্কার করতে হবে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো দ্রুত মেনে না নিলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।