সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো অপপ্রচার ও মানহানির অভিযোগে বিক্ষোভ মিছিল করেছেন বিভাগের শিক্ষার্থীরা।
রোববার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১টার দিকে ফার্মেসি বিভাগ থেকে মিছিল শুরু করে তারা প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নেন।
শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৪১৭ নম্বর কক্ষে অনুষ্ঠিত ফাইনাল পরীক্ষায় অনিয়মের দায়ে চার শিক্ষার্থীকে বহিষ্কার করেন দায়িত্বরত শিক্ষকরা। এরপর ওই হলে দায়িত্ব পালনকারী ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মো. গোলাম মোস্তফাকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও অসম্মানজনক মন্তব্য ছড়িয়ে পড়ে। এসব কর্মকাণ্ডকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও মানহানি হিসেবে দেখছেন শিক্ষার্থীরা।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, শিক্ষককে হেয় করা ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্নকারী সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত জবাবদিহির আওতায় এনে একাডেমিক ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি যে সব ফেসবুক পেজ থেকে এসব অপপ্রচার চালানো হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে এক কর্মদিবসের মধ্যে কার্যকর পদক্ষেপের দাবিও জানান তারা। এ সময় তারা ‘শিক্ষকের অপমান মানি না’ এবং ‘নকলের শাস্তি ন্যায্য’সহ বিভিন্ন স্লোগান দেন।
ফার্মেসি বিভাগের শিক্ষার্থী শাহজাহান সম্রাট বলেন, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ না হলে আন্দোলন আরও জোরদার করা হবে। এটি শুধু একটি বিভাগের নয়, পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্মান রক্ষার আন্দোলন।
এদিকে কেন্দ্রীয় ছাত্র সংসদের কোষাধ্যক্ষ খন্দকার আব্দুর রহিম বলেন, পরীক্ষার হলে মোবাইল ব্যবহার একাডেমিক শৃঙ্খলাভঙ্গের শামিল। শিক্ষক দায়িত্ব পালন করতে গিয়ে অপরাধী হয়ে গেলে শিক্ষা ও শৃঙ্খলা উভয়ই ক্ষতিগ্রস্ত হয়।
পরে শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি তুলে ধরেন। এ বিষয়ে উপাচার্য জানান, সংশ্লিষ্ট অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং মানহানিকারী পেজগুলোর বিরুদ্ধেও আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।