জুলাই-আগস্টের গণআন্দোলনে নিহতদের রায়েরবাজার গণকবরে দাফনকৃত মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পরিবারের ইচ্ছায় মরদেহ হস্তান্তর ও ময়নাতদন্তের ব্যবস্থাও করা হবে।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে রাজধানীর রায়েরবাজার গণকবর পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, রায়েরবাজার কবরস্থানে মোট ১১৪ জনের মরদেহ সমাহিত করা হয়েছে। তিনি বলেন, “পরিবারের অনুরোধে মরদেহগুলোর ডিএনএ পরীক্ষা করে পরিচয় নিশ্চিত করা হবে এবং চাইলে মরদেহ হস্তান্তর করে নিজ নিজ গ্রামের কবরস্থানে দাফনের সুযোগ থাকবে।”
তিনি আরও বলেন, যারা এসব হত্যাকাণ্ডে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তও করা হবে। শহীদদের আত্মার মাগফিরাত কামনাও করেন উপদেষ্টা।
এর আগে মোহাম্মদপুর থানা পরিদর্শনে গিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগের কার্যক্রম ইতোমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। যদি তারা পুনরায় কোনো অরাজকতা সৃষ্টি করে, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ যদি ষড়যন্ত্রে যুক্ত থাকে, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”
৫ আগস্ট ঘিরে দেশে কোনো শঙ্কা রয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “আল্লাহর রহমতে কোনো শঙ্কা নেই। সকলের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”