অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, তিনি সক্রিয় রাজনীতিতে প্রবেশ করবেন না এবং আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণেরও কোনো পরিকল্পনা নেই। মালয়েশিয়া সফরকালে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার সরকারের মূল লক্ষ্য হলো সংস্কার এজেন্ডা বাস্তবায়ন ও দেশ পুনর্গঠন। এসময় রোহিঙ্গা সংকট মোকাবেলায় মালয়েশিয়ার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্পষ্ট করেছেন, তার রাজনীতিতে সক্রিয় হওয়ার কোনো ইচ্ছা নেই। আসন্ন ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করারও কোনো সম্ভাবনা নেই। মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “জনগণের ইচ্ছাতেই আমি দায়িত্ব নিয়েছি। নির্ধারিত সময়ে সংস্কার এজেন্ডা বাস্তবায়নই আমাদের লক্ষ্য।”
তিনি আরও জানান, জুলাই অভ্যুত্থানের পর দেশের পরিস্থিতি শান্ত করা এবং পুনর্গঠন এখন সরকারের প্রধান দায়িত্ব। চলতি মাসের শেষের দিকে ঐকমত্য কমিশনের রিপোর্ট প্রকাশ হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।
আন্তর্জাতিক ইস্যুতে কথা বলতে গিয়ে ড. ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আসিয়ান সভাপতি হিসেবে মালয়েশিয়া আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রভাব বিস্তার করতে পারে। বাংলাদেশ এ বিষয়ে দেশটিকে পাশে চায়।
উল্লেখ্য, গত ১১ আগস্ট তিন দিনের সফরে মালয়েশিয়া গিয়েছিলেন প্রধান উপদেষ্টা। সফরকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।