বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হতে যাচ্ছে। আগামী ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং তা অনির্দিষ্ট সময়ের জন্য বহাল থাকবে বলে জানিয়েছে ফক্স নিউজ।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট ৭৫টি দেশের কনস্যুলার দপ্তরে ইতিমধ্যে নির্দেশনা পাঠিয়েছে। এতে জানানো হয়েছে, ভিসা ব্যবস্থাপনার বিদ্যমান যাচাই প্রক্রিয়া নতুন করে পর্যালোচনা করা হবে এবং সেই সময়ের মধ্যে এসব দেশের আবেদন গ্রহণ না করতে বলা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগটের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রবেশের পর যেসব বিদেশি নাগরিক সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন, তাদের ঠেকাতেই এই কড়াকড়ি। তিনি জানান, দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে ভিসা যাচাই প্রক্রিয়া নতুনভাবে সাজানো হচ্ছে।
এর আগেও ২০২৫ সালের নভেম্বরে বিশ্বজুড়ে মার্কিন দূতাবাসগুলোকে তথাকথিত ‘পাবলিক চার্জ’ নীতির আওতায় আবেদনকারীদের বিষয়ে কঠোর যাচাই চালানোর নির্দেশ দিয়েছিল ওয়াশিংটন। পাশাপাশি গত বছরের জুনে ট্রাম্প প্রশাসন ৪৮টি দেশের নাগরিকদের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা এবং আরও সাত দেশের ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করে, যার বড় অংশ ছিল আফ্রিকার দেশ।
নতুন করে যেসব দেশের নাগরিকদের ভিসা স্থগিত হচ্ছে, তার মধ্যে রয়েছে বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, পাকিস্তান, রাশিয়া, ইরান, ইরাক, মিশর, থাইল্যান্ড, কুয়েত, ব্রাজিল, নাইজেরিয়া, লিবিয়া, সুদান, সিরিয়া, সোমালিয়া, নেপাল, মিয়ানমারসহ এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও লাতিন আমেরিকার বহু দেশ। মোট তালিকায় ৭৫টি দেশ অন্তর্ভুক্ত রয়েছে।