ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি এবং আগামী নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে ইউরোপীয় ইউনিয়ন।
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ইইউ। তিনি বলেন, গণতান্ত্রিক উত্তরণে সংস্কার অপরিহার্য এবং আগামী ফেব্রুয়ারির নির্বাচনের পর নতুন সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে তারা।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাবেক কূটনীতিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ফরমার অ্যাম্বাসেডরস (এওএফএ) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
রাষ্ট্রদূত মিলার বলেন, “বাংলাদেশ রাজনৈতিক উত্তরণের দিকে অগ্রসর হচ্ছে। নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু ও অবাধ করতে অন্তর্বর্তী সরকারকে ইইউ সব ধরনের সহযোগিতা দেবে।”
তিনি তরুণ প্রজন্মের স্বপ্নপূরণে রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও উন্নয়ন সহযোগীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এছাড়া তিনি বিনিয়োগ, মানবাধিকার, গণতন্ত্র, বাকস্বাধীনতা, নিরাপত্তা সহযোগিতা, বৈধ অভিবাসন ও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে ইইউর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।