জোটবদ্ধ দলগুলোকে নিজ নিজ প্রতীকে ভোট করতে বাধ্য করার বিধান বাতিলের আহ্বান জানিয়ে আইন মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বিএনপি। দলটির প্রতিনিধি দল আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করে সংশোধিত আরপিও নিয়ে আপত্তি তুলে ধরে।
সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, আগামী নির্বাচনে কোনো রাজনৈতিক দল জোটে অংশ নিলেও প্রার্থীদের বাধ্যতামূলকভাবে নিজ নিজ দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। এই বিধানকে “অযৌক্তিক ও রাজনৈতিকভাবে বিভ্রান্তিকর” বলে অভিহিত করে বিএনপি এর বাতিল দাবি জানিয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের হাতে লিখিত চিঠি হস্তান্তর করে।
বৈঠক শেষে সালাহউদ্দিন আহমদ বলেন, “আরপিও সংশোধনের আগে নির্বাচন কমিশনের বৈঠকেও আমরা স্পষ্টভাবে জানিয়েছিলাম, এই সিদ্ধান্ত জোট রাজনীতিকে দুর্বল করবে। আজ আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন।”
এর আগে, গত রোববার বিএনপি নির্বাচন কমিশনের কাছেও একই বিষয়ে আপত্তিপত্র জমা দেয়, যেখানে তারা জোটের দলগুলোকে প্রধান দলের প্রতীকে অংশগ্রহণের অনুমতি বজায় রাখার দাবি জানায়।
প্রসঙ্গত, পূর্ববর্তী নির্বাচনে জোটভুক্ত ছোট দলগুলো ইসির অনুমতি নিয়ে বড় দলের প্রতীক—যেমন, বিএনপির ধানের শীষ—ব্যবহার করে ভোট করত। তবে সংশোধিত আরপিও অনুযায়ী, এখন থেকে জোটে অংশ নিলেও প্রতিটি দলকে নিজ নিজ প্রতীকেই প্রার্থী দিতে হবে, যা জোট রাজনীতির প্রভাবকে উল্লেখযোগ্যভাবে সীমিত করবে বলে বিএনপির দাবি।