জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দলটির অভ্যন্তরীণ যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় তিনি দেড় বছরের রাজনৈতিক পথচলায় সহযোদ্ধাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
এছাড়া তিনি ঢাকা-৯ আসনে কোনো রাজনৈতিক দল বা জোটের প্রার্থী হিসেবে নয়, স্বতন্ত্রভাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। শনিবার (২৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
ফেসবুক পোস্টে ডা. তাসনিম জারা বলেন, খিলগাঁওয়ে তাঁর জন্ম ও বেড়ে ওঠা। এলাকার মানুষের একজন সন্তান হিসেবে সংসদে গিয়ে জনগণের সেবা করাই ছিল তাঁর মূল লক্ষ্য। শুরুতে দলীয় প্ল্যাটফর্ম থেকে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা থাকলেও বর্তমান বাস্তবতায় তিনি দলীয় পরিচয়ের বাইরে থেকে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি থেকে তিনি সরে আসেননি। নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে তাঁর লড়াই অব্যাহত থাকবে। সে লক্ষ্যেই তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।
ডা. তাসনিম জারা আরও বলেন, দলীয় প্রার্থী হলে সাংগঠনিক সুবিধা, কর্মী বাহিনী এবং প্রশাসনিক পর্যায়ে যোগাযোগের সুযোগ থাকে। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এসব সুবিধা না থাকলেও এলাকাবাসীর সমর্থনই তাঁর প্রধান শক্তি। সততা, নিষ্ঠা ও পরিবর্তনের রাজনীতির অঙ্গীকার নিয়ে তিনি ভোটারদের সহযোগিতা কামনা করেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে আইন অনুযায়ী ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর প্রয়োজন বলে জানান তিনি। রোববার থেকে এই স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু হবে। স্বল্প সময়ের মধ্যে এ কাজ সম্পন্ন করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে, এর আগে নির্বাচনী তহবিলে যারা অনুদান দিয়েছেন, তাঁদের মধ্যে কেউ অর্থ ফেরত নিতে চাইলে সেই সুযোগ রাখা হয়েছে। বিকাশের মাধ্যমে অনুদান দেওয়া ব্যক্তিদের একটি নির্দিষ্ট ফরম পূরণের মাধ্যমে অর্থ ফেরত দেওয়া হবে। ব্যাংকের মাধ্যমে অনুদানকারীদের ক্ষেত্রে ফেরত প্রক্রিয়া শিগগিরই জানানো হবে বলে জানান ডা. তাসনিম জারা।