রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলামকে নিয়ে প্রকাশিত দুটি সংবাদের জন্য দুঃখ প্রকাশ করেছে ‘দৈনিক প্রলয়’ পত্রিকা। একই সঙ্গে এসব প্রতিবেদনের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে রংধনু গ্রুপ কর্তৃপক্ষ।
গত ২৭ মার্চ পত্রিকার তৃতীয় পাতায় “প্রকাশ্যে ঘোরাফেরা করছেন আন্ডা রফিক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন” এবং ৩ এপ্রিল প্রথম পাতায় “সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, প্রকাশ্যে আসছেন না আন্ডা রফিক” শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। এসব সংবাদে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিবাদলিপিতে রংধনু গ্রুপ জানায়, তারা দেশের একটি স্বনামধন্য শিল্পগোষ্ঠী, যেখানে কয়েক হাজার মানুষ কর্মরত। শুরু থেকেই প্রতিষ্ঠানটি দেশের অর্থনীতিতে অবদান রেখে আসছে। চেয়ারম্যান রফিকুল ইসলামের রূপগঞ্জে চলাফেরা ঘিরে এলাকায় আতঙ্ক ছড়ানোর যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, রফিকুল ইসলাম রূপগঞ্জেরই বাসিন্দা এবং নিয়মিতভাবে স্থানীয় মানুষের পাশে থাকেন। সম্প্রতি ঈদ উপলক্ষে তিনি প্রায় ২৫ হাজার মানুষের মধ্যে সহায়তা বিতরণ করেছেন। এছাড়া তাকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে দেখা যাওয়ার বিষয়টিও ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করা হয়। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন; বিভিন্ন ব্যবসায়িক ও আনুষ্ঠানিক অনুষ্ঠানে তোলা পুরনো ছবিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।
প্রতিবাদে আরও জানানো হয়, তার বিরুদ্ধে চলমান মামলাগুলোতে তিনি ইতোমধ্যে আদালত থেকে জামিন পেয়েছেন। অথচ সংবাদে এসব তথ্য যথাযথভাবে উপস্থাপন করা হয়নি, যা দুঃখজনক।
এ বিষয়ে প্রতিবেদকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করা হলেও পরবর্তীতে অফিসিয়াল নির্দেশনায় পুনরায় অনুসন্ধান চালানো হয়। এতে প্রকাশিত প্রতিবেদনের কিছু তথ্যের সত্যতা মিলেনি। এজন্য সংশ্লিষ্ট সংবাদের জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।