ওয়াশিংটনের ন্যাশনাল প্রেসক্লাবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াকে স্মরণ করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র রক্ষায় ভূমিকা তুলে ধরতেই এই আয়োজন করা হয়।
স্থানীয় সময় সোমবার ১২ জানুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন দেশের কূটনীতিক, নীতিনির্ধারক ও সাংবাদিকরা অংশ নেন। বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষায় খালেদা জিয়া আজীবন আপসহীন অবস্থান নিয়েছিলেন এবং কঠিন সময়েও বিরোধী কণ্ঠকে ধরে রেখেছিলেন।
অনুষ্ঠানটির আয়োজন করেন ন্যাশনাল প্রেসক্লাবের সদস্য ও মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তিনি স্মরণ করিয়ে দেন, ক্ষমতায় ও বিরোধী দলে থাকা অবস্থায় খালেদা জিয়া স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে দৃঢ় ছিলেন।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ডেন মজেনা বলেন, বিরোধী দলে থেকেও তিনি অসংখ্য চাপ ও কষ্ট সহ্য করেছেন, তবু কখনো আদর্শ থেকে সরে যাননি। আরেক সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট তার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, রাজনৈতিক সংগ্রামে তার ভূমিকা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
সভায় বক্তারা খালেদা জিয়ার কারাবন্দি থাকা ও রাজনৈতিক নিপীড়নের বিষয়টিও তুলে ধরেন। ন্যাশনাল প্রেসক্লাবের সভাপতি মার্ক শেফ বলেন, গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী একজন নেত্রীকে সম্মান জানাতেই এই আয়োজন করা হয়েছে।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন এপির সাবেক সম্পাদক ম্যারন বিলকাইন্ড, স্টিমসন সেন্টারের সিনিয়র ফেলো স্টিভ রোজ, ভয়েস অব আমেরিকার সাবেক বাংলা বিভাগের প্রধান ইকবাল বাহার চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা।