বিশ্বমানবতার মুক্তির দূত, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র স্মৃতিবিজড়িত দিন ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা তাঁর বাণীতে বলেন, হযরত মুহাম্মদ (সা.) ছিলেন ‘রাহমাতুল্লিল আলামিন’, যিনি মানবজাতির মুক্তি, ন্যায় ও নৈতিকতার পথ প্রদর্শন করেছেন। মহানবী (সা.)-এর জীবনাদর্শ সমগ্র মানবসমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে কাজ করে যাচ্ছে। তিনি অত্যাচার, দারিদ্র্য, বৈষম্য, শোষণ ও কুসংস্কারমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য জীবনব্যাপী সংগ্রাম করেছেন।
প্রফেসর ইউনূস আরও বলেন, মহানবী (সা.)-এর সর্বজনীন শিক্ষা, মানবকল্যাণে আত্মত্যাগ এবং শান্তি ও সাম্যের বার্তা আজও বিশ্বজুড়ে মানুষকে অনুপ্রাণিত করছে। ইসলাম ধর্মের প্রকৃত শিক্ষা হলো সাম্য, ভ্রাতৃত্ব, ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা করা। তিনি বিশ্বাস প্রকাশ করেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করলে ব্যক্তি ও সমাজজীবনে সত্যিকার কল্যাণ, সমৃদ্ধি ও স্থায়ী শান্তি নিশ্চিত হবে।
তিনি আরও উল্লেখ করেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা মানবিক মূল্যবোধ ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুখী, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে সহায়ক হবে। মহানবীর (সা.) আদর্শ আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে অনুকরণীয় ভূমিকা পালন করবে বলে প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন।