গাজার উদ্দেশ্যে যাওয়া আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর ‘সুমুদ ফ্লোটিলা’র অন্তত আটটি জাহাজ জব্দ করেছে ইসরায়েলি বাহিনী। আটক হয়েছেন পরিবেশ আন্দোলনের প্রতীক গ্রেটা থুনবার্গসহ দুই শতাধিক মানবাধিকার কর্মী। আয়োজকদের দাবি, ইসরায়েলের বাধায় বহরের সম্প্রচার বন্ধ হয়ে গেছে, তবে এখনও দুটি জাহাজ গাজার দিকে অগ্রসর হচ্ছে।
গাজায় ত্রাণ পৌঁছানোর লক্ষ্য নিয়ে যাত্রা করা আন্তর্জাতিক নৌবহর ‘সুমুদ ফ্লোটিলা’র অন্তত আটটি জাহাজ ইসরায়েলি বাহিনী আটক করেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। আটক হওয়া জাহাজগুলোর মধ্যে রয়েছে— দেইর ইয়াসিন, হুগা, স্পেকটার, আদারা, আলমা, সাইরিয়াস, অরা এবং গ্রান্ডে ব্লু।
বহরে থাকা ২০০ জনেরও বেশি মানবাধিকার কর্মীর মধ্যে গ্রেপ্তার হয়েছেন বিশ্বখ্যাত পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ। তবে ইসরায়েলের কঠোর নজরদারি উপেক্ষা করে গাজার উদ্দেশ্যে এখনও অগ্রসর হচ্ছে আরও দুটি জাহাজ— ‘মেটেক’ ও ‘অল’। সর্বশেষ জানা অবস্থান অনুযায়ী, বৃহস্পতিবার ভোরে এই দুটি জাহাজ উপত্যকা থেকে প্রায় ১১১ কিলোমিটার দূরে ছিল। তবে তাদের বর্তমান অবস্থান অজ্ঞাত।
বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম, যিনি বহরের অংশ হিসেবে রয়েছেন, জানিয়েছেন যে, ইসরায়েলি বাহিনী সরাসরি আক্রমণ করেছে জাহাজ ‘আলমা’র ওপর। তিনি আরও জানান, বহরের একাধিক জাহাজকে ঘিরে ফেলে ইসরায়েলি নৌবাহিনী।
অন্যদিকে, আয়োজকরা অভিযোগ করেন, তেলআবিবের বাধার কারণে হঠাৎ করেই জাহাজগুলোর লাইভ সম্প্রচার বন্ধ হয়ে যায়। বর্তমানে নৌবহরটি গাজার উপকূলের কাছে অবস্থান করছে। এর আগে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে আয়োজকরা ‘জরুরি অবস্থা’ ঘোষণা করেন।
এই বহরে মোট ৪৭টি জাহাজ এবং ৪৪ দেশের শতাধিক মানবাধিকার কর্মী অংশ নিচ্ছেন। তাদের মূল উদ্দেশ্য হলো গাজায় দীর্ঘদিন ধরে চলা অবরোধ ও মানবিক সংকট লাঘবে আন্তর্জাতিক ত্রাণ পৌঁছে দেওয়া।