তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আঙ্কারা কখনোই সিরিয়ার ভাঙন মেনে নেবে না। তিনি ইসরায়েলের কড়া সমালোচনা করে বলেন, সিরিয়ার দ্রুজ জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে দেশটিতে আগ্রাসন চালাচ্ছে "সন্ত্রাসী রাষ্ট্র" ইসরায়েল।
বৃহস্পতিবার (১৭ জুলাই) আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে এক বিবৃতিতে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, “আমরা অতীতে সিরিয়ার বিভাজন মেনে নিইনি, এখনো মেনে নিচ্ছি না, ভবিষ্যতেও মানব না।”
তিনি বলেন, “গত দুই দিন ধরে ইসরায়েল দ্রুজ জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে সিরিয়ার ভেতরে নিজের দখলদারিত্ব ও আগ্রাসন বাড়াচ্ছে।”
ইসরায়েলকে সমর্থনকারী দেশগুলোর প্রতি সতর্কবার্তা দিয়ে এরদোয়ান বলেন, “যারা ইসরায়েলের ওপর ভরসা করছে, তারা খুব শিগগিরই অনুধাবন করবে যে তারা একটি বড় ভুল করছে।”
ইসরায়েলকে কটাক্ষ করে তিনি বলেন, “ইসরায়েল একটি আইনভ্রষ্ট, নীতিহীন, ঔদ্ধত্যপূর্ণ এবং রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র।”
এরদোয়ান আরও বলেন, “একটি স্থিতিশীল সিরিয়া গোটা অঞ্চলের জন্যই স্থিতিশীলতা বয়ে আনবে। এর ব্যতিক্রম হলে অস্থিতিশীলতার বোঝা সবাইকে বইতে হবে।”
দমন-পীড়নের মাধ্যমে যারা নিরাপত্তা নিশ্চিত করতে চায়, তাদের উদ্দেশে তিনি বলেন, “তাদের মনে রাখা উচিত—তারা কেবল অতিথি; এই ভূমির প্রকৃত মালিক আমরাই।”
তিনি জানান, তুরস্ক সিরিয়ার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং মিত্র দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে।
সূত্র: আনাদোলু এজেন্সি