ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রভাবেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন—এমন অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
শনিবার (১৮ এপ্রিল) মিশিগান অঙ্গরাজ্যে এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তিনি বলেন, ট্রাম্প দেশকে এমন এক যুদ্ধে নিয়ে গেছেন, যা মার্কিন জনগণের প্রত্যাশা নয়, এবং এর পেছনে নেতানিয়াহুর ভূমিকা রয়েছে।
হ্যারিসের মতে, এই সংঘাতের কারণে মার্কিন সেনাদের জীবনও ঝুঁকির মুখে পড়েছে। তিনি জোর দিয়ে বলেন, এটি এমন একটি সিদ্ধান্ত যা সাধারণ আমেরিকানরা সমর্থন করে না।
এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি ডোনাল্ড ট্রাম্প। তবে এর আগে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের “বিশ্বস্ত ও শক্তিশালী মিত্র” হিসেবে উল্লেখ করেন। ট্রাম্পের ভাষায়, কঠিন সময়ে ইসরায়েল তাদের দৃঢ়তা, সাহস ও কৌশলী সক্ষমতার পরিচয় দিয়েছে।
জো বাইডেন প্রশাসনের সময় ভাইস প্রেসিডেন্ট ছিলেন কমলা হ্যারিস। সর্বশেষ নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিসেবে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয়ী হতে পারেননি। তবে রাজনীতি থেকে সরে যাননি বলে জানিয়েছেন তিনি। ভবিষ্যতে আবারও প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন।
আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৮ সালে অনুষ্ঠিত হওয়ার কথা। এক সাক্ষাৎকারে হ্যারিস বলেন, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও তিনি বিশ্বাস করেন, একদিন যুক্তরাষ্ট্রে একজন নারী প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।
সূত্র: ফার্স্ট পোস্ট