অভিনেতা স্বাধীন খসরু সম্প্রতি এক ভিডিও বার্তায় দেশের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন—“দেশটা আমেরিকা হবে ভেবেছিলাম, আদতে হলো পাকিস্তান।” এর আগে এক নারী উপদেষ্টাকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেও তিনি ক্ষমা প্রার্থনা করেছিলেন। নতুন ভিডিও বার্তার পর আবারও অনলাইনে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন এ অভিনেতা।
জনপ্রিয় নাট্যঅভিনেতা স্বাধীন খসরু অভিনয়ে নিয়মিত না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। অনুরাগীদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করেন এবং নানা সামাজিক-রাজনৈতিক বিষয়েও নিজের অবস্থান প্রকাশ করেন তিনি।
কিছুদিন আগেই এক নারী উপদেষ্টাকে নিয়ে অশালীন মন্তব্যের কারণে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। অনুরাগীদের ক্ষোভ প্রশমিত করতে তিনি দ্রুত ক্ষমা চান এবং একটি পোস্টে লেখেন, কাউকে আঘাত করার উদ্দেশ্য তার ছিল না, বরং সাম্প্রতিক কিছু ঘটনার কারণে সৃষ্ট ব্যক্তিগত ক্ষোভই তার কথায় প্রকাশ পেয়েছে।
কিন্তু বিতর্ক পেরোনোর পরও রবিবার (২৪ আগস্ট) খসরু ফেসবুকে আরেকটি ভিডিও শেয়ার করেন। সেখানে তিনি বলেন—
“হারানো স্মৃতি, পুরনো মোমবাতি, শুধু এক দীর্ঘশ্বাস। ভাবছিলাম দেশটা আমেরিকা হয়ে যাবে। আদতে হইলো পাকিস্তান। আফসোস! আফসোস!”
ভিডিওটির ক্যাপশনেও একই মন্তব্য লিখে তিনি অনুরাগীদের শেয়ার করার আহ্বান জানান।
তার এই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল প্রতিক্রিয়া। কেউ খসরুর মন্তব্যের সঙ্গে একমত হয়ে লিখেছেন—“পাকিস্তান হতে দেব না ইনশাল্লাহ।” আবার কেউ কটাক্ষ করে মন্তব্য করেছেন—“বিদেশে বসে দেশপ্রেমিক সাজা যায় না, বাংলাদেশ যেমন আছে তেমনই থাকবে।”
সব মিলিয়ে, স্বাধীন খসরুর সাম্প্রতিক ভিডিও আবারও তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। যদিও তিনি পূর্বের বিতর্ক নিয়ে স্পষ্টভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন, তিনি সবসময় মানবতা ও সকল মানুষের প্রতি শ্রদ্ধাশীল।