সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকার মেফেয়ার ভেন্যুর প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। নাহিদ ইসলামের সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনা শেষে নেতা-কর্মীরা ভেন্যু থেকে বের হওয়ার সময় তাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়।
যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে মেফেয়ার ভেন্যুতে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানকে ঘিরে ভেন্যুর বাইরে যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা জড়ো হন বলে জানা গেছে। হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে লাঠি দিয়ে লোকজনকে আঘাত করতে দেখা যায়।
এর আগে গত শনিবার (১৫ নভেম্বর) কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামের একটি আলোচনা সভাকে কেন্দ্র করেও তাকে হেনস্তার চেষ্টার অভিযোগ ওঠে।
ঘটনার পর নিজের ফেসবুক পোস্টে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কমিউনিটি প্রতিনিধি ও ১১ দলীয় ঐক্যের নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান নাহিদ ইসলাম।
হামলার বর্ণনা দিয়ে তিনি লেখেন, অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে এর নিন্দা জানান তিনি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের উপস্থিতির বিষয়টিও উল্লেখ করেন এনসিপির আহ্বায়ক। তিনি আরও জানান, উপস্থিত ব্যক্তিরা নিজেরাই হামলা ও সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন। তাঁদের অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে গুরুত্ব পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিদেশের মাটিতে এ ধরনের সহিংসতাকে প্রবাসীদের নিরাপত্তা, গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্বাধীনতার জন্য উদ্বেগজনক বলে উল্লেখ করেন নাহিদ। তাঁর অভিযোগ, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশেও সহিংসতা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছেন।
ফেসবুক পোস্টের শেষাংশে যুক্তরাজ্য সরকারের প্রতি নিরপেক্ষ ও কার্যকর তদন্তের আহ্বান জানান তিনি। পাশাপাশি হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং দেশটির গণতান্ত্রিক পরিবেশকে ব্যবহার করে সহিংস কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান এনসিপির আহ্বায়ক।