রোববার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশে ফেরেন মাহদী আমিন। পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিরপুরের রাড্ডা ক্লিনিক ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার প্রসঙ্গে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে মাহদী আমিন বলেন, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সম্ভাবনার কথা তুলে ধরেছেন তারেক রহমান। পাঁচ দিনের এ সফরকে তিনি ফলপ্রসূ ও সফল বলে উল্লেখ করেন।
মাহদী আমিন বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে কৃষি, প্রযুক্তি, নারী ও তরুণসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিষয় তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে স্বনির্ভর ও আত্মনির্ভরশীল জাতি গঠনের প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।
বোয়িংয়ের সঙ্গে বিমান কেনার চুক্তি নিয়ে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, কোনো চাপের কারণে এ চুক্তি হয়নি। দুই দেশের পারস্পরিক স্বার্থ বিবেচনায় নিয়েই চুক্তি করা হয়েছে। যুক্তরাষ্ট্র সফরের পুরো সময় বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
রোববার সকাল ৮টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সফরসঙ্গীদের বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে শনিবার স্থানীয় সময় রাত ৮টা ২৩ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। সেখান থেকে রাত ২টায় এমিরেটসের ‘ইকে-৫৮২’ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন তারা।
পাঁচ দিনের নিউইয়র্ক সফরে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তিনি মোট ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন।