শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে আয়োজিত খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী। তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যু কোনো আকস্মিক বা স্বাভাবিক ঘটনা নয়। এটি ছিল ধারাবাহিক অবিচার, নির্যাতন ও চিকিৎসা বঞ্চনার পরিণতি।”
রিজভী আরও অভিযোগ করেন, তৎকালীন সরকারের নিষ্ঠুরতা ও প্রতিহিংসামূলক আচরণের কারণেই খালেদা জিয়ার শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে গেছে। তিনি বলেন, “রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে একজন জনপ্রিয় নেত্রীকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, যা ইতিহাস কখনও ক্ষমা করবে না।”
খালেদা জিয়ার স্মৃতিচারণ করে বিএনপির এই নেতা বলেন, তিনি কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী নন, বরং কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর অবদান ও ত্যাগ মানুষের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে, যা কোনো শক্তিই মুছে ফেলতে পারবে না।
অনুষ্ঠানে পূজা উদযাপন ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সামাজিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা বলেন, দেশে ন্যায়বিচার ও মানবাধিকার উপেক্ষিত হওয়ার কারণেই একের পর এক সত্য উন্মোচিত হচ্ছে। হবিগঞ্জের বানিয়াচংয়ে এক এসআইকে জীবন্ত পুড়িয়ে হত্যার স্বীকারোক্তি পাওয়ার পরও অভিযুক্তদের আইনের আওতায় না আনার ঘটনাও সেই বিচারহীনতারই উদাহরণ। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, সত্য যত চাপা দেওয়ার চেষ্টা করা হোক না কেন, শেষ পর্যন্ত সত্যেরই জয় হবে।