ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে এবং শেষ হয় বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ফজিলাতুন্নেসা মুজিব হলের ফল ঘোষণার মাধ্যমে। আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা হয় সকাল সাড়ে ৮টার পর নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে।
ঘোষিত ফলাফল:
ভিপি পদে: সাদিক কায়েম (শিবির সমর্থিত) পেয়েছেন ১৪,০৪২ ভোট। আবিদুল ইসলাম (ছাত্রদল) পেয়েছেন ৫,৭০৮, উমামা ফাতেমা (স্বতন্ত্র) পেয়েছেন ৩,৩৮৯, আব্দুল কাদের (বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ) পেয়েছেন ৬৬৮ এবং শামীম হোসেন (স্বতন্ত্র) পেয়েছেন ১,৮১৫ ভোট।
জিএস পদে: এস এম ফরহাদ (শিবির সমর্থিত) পেয়েছেন ১০,৭৯৪ ভোট। শেখ তানভীর বারী হামিম পেয়েছেন ৫,২৮৩, আবু বাকের মজুমদার (বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ) পেয়েছেন ২,১৩১ এবং মেঘমল্লার বসু (বাম সমর্থিত) পেয়েছেন ৪,৬৪৫ ভোট।
এজিএস পদে: মহিউদ্দীন খান পেয়েছেন ১১,৭৭২ ভোট, আর প্রতিদ্বন্দ্বী তানভীর আল হাদী মায়েদ (ছাত্রদল) পেয়েছেন ৫,০৬৪ ভোট।
হলভিত্তিক কিছু উল্লেখযোগ্য ফলাফল:
অমর একুশে হলে সাদিক কায়েম ৬৪৪, আবিদ ১৪১, উমামা ফাতেমা ৯০ ভোট পান।
সুফিয়া কামাল হলে সাদিক পান ১,২৭০, আবিদ ৪২৩, উমামা ৫৪৭ ভোট।
ফজলুল হক হলে জিএস পদে ফরহাদ ও হামিম উভয়ে পান সমান ৫৮৯ ভোট।
জগন্নাথ হলে ভিপি পদে আবিদ এগিয়ে (১,২৭৬ ভোট), যেখানে সাদিক পান মাত্র ১০ ভোট। জিএস পদে এই হলে এগিয়ে ছিলেন মেঘমল্লার বসু (১,১৭০ ভোট)।
রোকেয়া হলে ভিপি পদে সাদিক ১,৪৭২ এবং আবিদ ৫৭৫ ভোট পান। জিএস পদে ফরহাদ ১,১২০, হামিম ৪৪৭ ও মেঘমল্লার বসু ৭৮০ ভোট পান।
বিজয় একাত্তর হলে ভিপি পদে সাদিক পান ৯৯১, আবিদ ২৭৮, উমামা ১০৪ ভোট।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, কয়েকটি হলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা শক্ত প্রতিদ্বন্দ্বিতা করলেও চূড়ান্ত ফলাফলে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরাই কেন্দ্রীয়ভাবে শীর্ষ তিনটি পদে জয়ের মালা গলায় তুলেছেন।