বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত বিষয়টি গুঞ্জনের মধ্যেই রয়েছে। বাস্তবে এমন কোনো ঘটনা ঘটলে তখন সংবিধান ও আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাস্থ্যগত কারণসহ যেকোনো কারণে রাষ্ট্রপতি দায়িত্ব ছাড়তে চাইলে সংবিধানে তার বিধান রয়েছে। তবে রাষ্ট্রপতি পদত্যাগ করতে চান কি না, এ বিষয়ে তার কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই।
সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি উল্লেখ করে তিনি বলেন, সরকারের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে পদত্যাগের কথা ভাবছেন কি না, সেটি রাষ্ট্রপতিই সবচেয়ে ভালো বলতে পারবেন।
বিদেশে চিকিৎসাধীন থাকার সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির কোনো ফোনালাপ হয়েছিল কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ বিষয়ে তার কোনো তথ্য জানা নেই।
রাষ্ট্রপতির পদত্যাগের সাংবিধানিক প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। এরপর নির্ধারিত সাংবিধানিক নিয়মে পরবর্তী কার্যক্রম সম্পন্ন হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের পর কে তার দায়িত্ব গ্রহণ করবেন, সেটিও সংবিধানের বিধান অনুযায়ী পরবর্তী সময়ে নির্ধারিত হবে। তবে এখন পর্যন্ত রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং তিনি নিজেও গণমাধ্যমে প্রকাশিত খবরের মাধ্যমেই বিষয়টি জানতে পারছেন।