রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফরম দুটি নেওয়া হয়। বিএনপির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
এর আগে গত শনিবার রাতে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব বিএনপির দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর দেয় দলের স্থায়ী কমিটি।
দলীয় সূত্র ও রাজনৈতিক মহলে রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়ের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে।
এর বাইরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নামও রাষ্ট্রপতি পদের জন্য আলোচনায় এসেছে। তবে বিএনপির নেতাদের একটি অংশ মনে করেন, গুরুত্বপূর্ণ সাংবিধানিক এই পদে দলের রাজনৈতিক নেতৃত্বের মধ্য থেকেই কাউকে বেছে নেওয়া হতে পারে।
গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।
নির্বাচনে ভোটগ্রহণ হবে ২০ আগস্ট। ওইদিন জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট নেওয়া হবে।
এর আগে গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তার পদত্যাগের পর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন। নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সংসদের স্পিকারের সঙ্গেও বৈঠক করেছেন।