স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রশাসনকে সতর্ক করে বলেছেন, “রাজনীতিবিদদের তেল মারা বন্ধ করুন। কোনো বিশেষ দলের হয়ে কাজ করবেন না। জনগণের সেবা করুন— তাহলেই আস্থা অর্জন সম্ভব।”
রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগে নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ধৈর্য ও ঠাণ্ডা মাথায় আইন অনুযায়ী সবকিছু সামলাতে হবে। অতীতের বিতর্কিত নির্বাচনের দৃষ্টান্ত পেছনে ফেলে এবার শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনই মূল লক্ষ্য।
সমাজে দুর্নীতি ও মাদক দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়ে উপদেষ্টা আরও বলেন, “আমাদের হাতে সময় কম। সমাজে সৎ ও স্বচ্ছ কাজের বিকল্প নেই।”
গণমাধ্যমের ভূমিকায় অসন্তোষ জানিয়ে তিনি অভিযোগ করেন, সরকারের সাফল্য যথেষ্ট প্রচার পায় না, অথচ ব্যর্থতাগুলো বড় করে দেখানো হয়।
অপরাধ দমনে চলমান অপারেশন ডেভিলহান্ট প্রসঙ্গে তিনি জানান, ফ্যাসিস্ট ও অপরাধীদের তালিকা থানায় পাঠানো হয়েছে। জামিনে ছাড়া পাওয়া অনেকেই ফের অপরাধে জড়িত হচ্ছে— তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচনকে সামনে রেখে পুলিশে বদলি ও পোস্টিং লটারির মাধ্যমে হবে বলেও তিনি উল্লেখ করেন।
এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী বলেন, জুলাই-আগস্টের পর নবগঠিত পুলিশের দক্ষতা যাচাইয়ের বড় পরীক্ষা হবে জাতীয় নির্বাচন।
সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, এবারের নির্বাচন হবে পুলিশের জন্য অগ্নিপরীক্ষা। চাপ সহ্য করেও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।