শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হন। রাত আনুমানিক ১০টা ৪ মিনিটে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করেন।
এর আগে নিয়ম অনুযায়ী বিকেলেই তারেক রহমানের পক্ষে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। তাঁর আগমনকে কেন্দ্র করে সাভার-আশুলিয়াসহ দেশের নানা প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা সকাল থেকেই স্মৃতিসৌধ এলাকায় জড়ো হতে থাকেন। সারা দিন তাঁরা তারেক রহমানের অপেক্ষায় সেখানে অবস্থান করেন।
নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় পুলিশ, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি সাদা পোশাকের সদস্যদেরও তৎপর থাকতে দেখা যায়।
স্মৃতিসৌধে আগে থেকেই উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং দলের অন্যান্য কেন্দ্রীয় ও সিনিয়র নেতারা।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার দিন তিনি রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বিএনপির পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। পরে অসুস্থ মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে গুলশানের বাসভবনে ফেরেন।
এরপর শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তিনি তাঁর বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকেই তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন।