শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছান। এ সময় সড়কের দুই পাশে অবস্থান নেওয়া দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
অনুষ্ঠানের শুরুতেই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীও এতে অংশ নেন।
‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে শুরু হওয়া আলোচনা সভার শুরুতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর বিএনপির ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রামাণ্যচিত্র প্রদর্শনের পর শুরু হয় মূল আলোচনা পর্ব।
সভাটি পরিচালনা করছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম এবং মো. ইসমাইল জবিউল্লাহসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত রয়েছেন।