গত ৬ সেপ্টেম্বর কলেজের অধ্যক্ষের পক্ষে অধ্যাপক ড. নিলুফা আহসানের সই করা নোটিশে এ তথ্য জানানো হয়। এতে সিফাতকে তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে কারণ জানাতে বলা হয়েছে।
নোটিশ অনুযায়ী, মো. আব্দুল্লাহ সিফাত (আইডি নং- ৪১০২১০৪৬) কলেজের বিবিএ অনার্স (ব্যবস্থাপনা) বিভাগের চতুর্থ বর্ষের (শিক্ষাবর্ষ ২০২১-২০২২) শিক্ষার্থী। গত ৩ সেপ্টেম্বর নিজের বাসার বিদ্যুৎ বিলের অসামঞ্জস্যতা নিয়ে ফেসবুকে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারকে উদ্দেশ করে অশালীন ভাষায় বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। পরে বক্তব্যটি ফেসবুক পেজে ভাইরাল হয় বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে বলা হয়, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি ঐতিহ্যবাহী ও সুশৃঙ্খল শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার আলোকে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলাই প্রতিষ্ঠানটির লক্ষ্য। কোনো শিক্ষার্থী শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়ালে নীতিমালা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
এ ধরনের কর্মকাণ্ডকে একজন শিক্ষার্থীর জন্য অশোভনীয়, অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত ও অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে কলেজের সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা বিব্রত হয়েছেন বলেও নোটিশে বলা হয়।
কলেজের স্থায়ী পরিচালনা নীতিমালার অধ্যায় ৯-এর অনুচ্ছেদ ৯.৮-এর ক্রমিক ৮ উল্লেখ করে নোটিশে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করলে অপরাধের গুরুত্ব অনুযায়ী শিক্ষার্থীকে বহিষ্কার অথবা ছাড়পত্র দেওয়ার বিধান রয়েছে।
এ অবস্থায় মো. আব্দুল্লাহ সিফাতকে তিন কর্মদিবসের মধ্যে কলেজ কর্তৃপক্ষের কাছে যথাযথ কারণ জানাতে বলা হয়েছে—কেন তার বিরুদ্ধে বহিষ্কার অথবা ছাড়পত্র দেওয়ার মতো ব্যবস্থা নেওয়া হবে না।