রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, পোস্টাল ব্যালটের কাঠামো ও কার্যপ্রণালী এখনো পুরোপুরি স্বচ্ছ নয়। বিশেষ করে বিদেশে অবস্থানরত নিবন্ধিত ভোটারদের কাছে ব্যালট পৌঁছানো এবং ব্যালট পেপার যেভাবে ছাপানো হয়েছে, তা নিয়ে তাদের দল আপত্তি জানিয়েছে।
মির্জা ফখরুলের মতে, বর্তমান ব্যালট পেপার নিরপেক্ষ নয় এবং এতে একটি নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার প্রবণতা রয়েছে। এজন্য বিষয়টি সংশোধনের আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এ ছাড়া তিনি অভিযোগ করেন, জামায়াতের কিছু কর্মী বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনআইডি কপি, বিকাশ নম্বর ও মোবাইল নম্বর সংগ্রহ করছে। তিনি বলেন, এটি ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গের পাশাপাশি আইনত দণ্ডনীয় অপরাধ।
এ বিষয়ে আগেও আপত্তি জানানো হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নির্বাচন কমিশনের তাৎক্ষণিক হস্তক্ষেপ জরুরি।
এর আগে বিকেল পৌনে ৫টার দিকে মির্জা ফখরুলের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে বৈঠকে অংশ নেয়। দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া।