ভাইরাল হওয়া প্রায় এক মিনিটের ভিডিওতে দেখা যায়, বৈঠকের একপর্যায়ে উত্তেজিত হয়ে উপস্থিত কয়েকজনকে উদ্দেশ করে কথা বলছেন তিনি। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “কথা বললেন কেন? আপনারা এখানে কাউন্টার দিলেন কেন?” পরে টেবিল চাপড়ে তিনি বলেন, “এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব। চুপ করেন। আমি আসছি বিচার করার জন্য। কাউন্টার দিলে আমি দেব।”
স্থানীয় সূত্র জানায়, শিবচর উপজেলার দত্তপাড়া এলাকায় বিএনপি কর্মী তারা মিয়াকে ঘিরে আয়োজিত একটি সালিস বৈঠকে এ ঘটনা ঘটে। বৈঠকে বিভিন্ন পক্ষের বক্তব্য ও পাল্টা বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়।
তারা মিয়া দাবি করেন, বিচার চলাকালে নিজের বক্তব্য উপস্থাপন করতে গেলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। শত শত মানুষের উপস্থিতিতে আয়োজিত সালিসে ভিন্নমত ও যুক্তি আসতেই পারে, তবে সেগুলো শোনার সুযোগ থাকা উচিত।
স্থানীয়রা জানান, বৈঠকের একপর্যায়ে পরিবেশ উত্তপ্ত হয়ে গেলে এমপি হানজালা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তখন উপস্থিত একজন মোবাইল ফোনে পুরো ঘটনা ধারণ করছিলেন। পরে ভিডিও ধারণ বন্ধ করার নির্দেশ দেওয়া হলে রেকর্ডিংটি সেখানেই শেষ হয়।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন মহল থেকেও প্রতিক্রিয়া আসতে দেখা গেছে।
তবে ভাইরাল ভিডিও এবং ঘটনার বিষয়ে সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালার কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।