শনিবার (৩০ মে) ভোলায় চার দিনের সফরের শেষ দিনে জেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের মানুষ গভীর শ্রদ্ধার সঙ্গে আজও শহীদ জিয়াউর রহমানকে স্মরণ করে। তিনি শারীরিকভাবে উপস্থিত না থাকলেও তার আদর্শ এখনও বিএনপি ও সমমনা রাজনৈতিক শক্তিকে পথ দেখাচ্ছে। সেই আদর্শ অনুসরণ করেই দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হবে এবং জিয়ার আদর্শ ধারণ করেই বাংলাদেশকে একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করা যাবে। একইসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়া ও শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশের উন্নয়নে নেতৃত্ব দিতে সক্ষম হবেন বলে দলের নেতাকর্মীদের প্রত্যাশা।
জিয়াউর রহমানের রাজনৈতিক নেতৃত্ব ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার প্রসঙ্গ তুলে স্পিকার বলেন, জাতীয়তাবাদী আদর্শ এখনো দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব রাখছে। জনগণের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্রক্ষমতায় এসেছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, দীর্ঘ সময় ধরে নানা প্রতিকূলতা ও রাজনৈতিক চাপের মধ্যেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের পক্ষে দৃঢ় অবস্থান ধরে রেখেছেন। তার জনপ্রিয়তা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়ে বলেও মন্তব্য করেন তিনি।
মুসলিম বিশ্বে খালেদা জিয়ার গ্রহণযোগ্যতার কথা উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিভিন্ন রাষ্ট্রনেতার আস্থার জায়গা হিসেবে তিনি বিশেষ মর্যাদা পেয়েছিলেন, যা বাংলাদেশের জন্য গর্বের বিষয়।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।