জুলাই-আগস্ট আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার মামলায় আজ (বৃহস্পতিবার, ৯ অক্টোবর) সাক্ষ্য দেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মামলাটি চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ, যেখানে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজন আসামি।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে আজকের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম।
এর আগে একাধিক কার্যদিবসে মোট ১৫ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। তাঁদের মধ্যে নিহতদের স্বজন, প্রত্যক্ষদর্শী, পুলিশ সদস্য ও কলেজ শিক্ষকও আছেন।
গ্রেপ্তার চার আসামি হলেন— সাবেক ওসি আরশাদ হোসেন, কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম।
পলাতক চারজন হলেন— সাবেক কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম এবং সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।
গত ১৪ জুলাই ট্রাইব্যুনাল মামলার অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দেয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে চানখারপুল এলাকায় পুলিশের গুলিতে নিহত হন আনাস, জুনায়েদ, ইয়াকুব, রাকিব, ইসমামুল ও মানিক মিয়া শাহরিক।