চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকার জিপিওর বিপরীতে দোস্ত বিল্ডিংয়ের চতুর্থ তলায় অবস্থিত আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলার কার্যালয়ে মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ভাঙচুর ও দখলের ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা দলবদ্ধভাবে কার্যালয়ে হামলা চালান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, একদল তরুণ শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে ফেলছে। ভিডিওতে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মী, তাদের মধ্যে আরিফ মঈনুদ্দিনকেও চিহ্নিত করা গেছে।
দোস্ত বিল্ডিংটি চট্টগ্রামের রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র, যেখানে আওয়ামী লীগ, বিএনপি, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের কার্যালয় রয়েছে।
এনসিপির চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়ক আরিফ মঈনুদ্দিন বলেন, “আমাদের কাছে তথ্য ছিল, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের কিছু সদস্য রাতে এখানে বৈঠক করে অগ্নিসন্ত্রাসের পরিকল্পনা করছিল। তাই আমরা তালা ভেঙে ভিতরে প্রবেশ করি এবং সভার প্রস্তুতির প্রমাণ পাই।”
তিনি আরও বলেন, “এর আগেও এখানে শেখ হাসিনার ছবি ভাঙচুর করা হয়েছিল। আজ আমরা ভবনের কার্যক্রম পর্যালোচনা করতে গিয়েছিলাম, আগামী দুদিন আমরা পর্যবেক্ষণ চালাবো।”
ঘটনার সময় কার্যালয়ের কেয়ারটেকার পালিয়ে যান বলে জানা গেছে। এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম বলেন, “আমরা ঘটনাটি জেনেছি, তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”